টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ!

মাদারীপুরের কালকিনিতে টিকটকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা সম্পর্কের জেরে এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন আরেক তরুণ।
মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই তরুণকে দেখতে ওই বাড়িতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
ওই দুই তরুণ হলেন– দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) এবং মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে মাহিন মুন্সি (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য বিয়ের দাবিতে নবদ্বীপের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন।
স্থানীয় ব্যক্তিরা জানান, এর আগেও দুইবার ওই বাড়িতে এসেছিলেন মাহিন। তবে এবার বিয়ের দাবিতে অবস্থান নেওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়।
দুই তরুণের ভাষ্য, তারা একে অপরকে ভালোবাসেন। এ কারণে বিয়ে করে একসঙ্গে থাকতে চান।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস বলেন, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। অতি উৎসাহী হয়ে দুই তরুণ এমন কাজ করেছেন, যা আইনগতভাবে ঠিক নয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












