দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের

দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই দুই রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে পাঁচজন এবং ডেঙ্গুতে পাঁচজন মারা গেছেন। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ২৩০ জনের শরীরে। অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২৩ জনে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে দুজন করে এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৮৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ১ হাজার ১৪৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৪৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ২১৬ জন, চট্টগ্রামে ১২৩, ময়মনসিংহে ৯৪, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৮ এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ডেঙ্গুর প্রকোপও কমছে না। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন। মারা যাওয়া পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা।
নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে। আর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর মারা যান ৪১৩ জন। এর আগে ২০২৪ সালে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর এ রোগে মারা যান ১ হাজার ৭০৫ জন।
হাম ও ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু এবং বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













