শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ১৩:৪১
অ- অ+

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর আগে, সোমবার (১৬ নভেম্বর) দুই আসামির জেল আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয় এবং আজ রায়ের দিন ধার্য করেছিলেন আদালত।

মামলার এজাহার ও বিবরণ অনুযায়ী, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা বাসা থেকে বের হলে একই ভবনের ভাড়াটে সোহেল রানা কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে ডেকে নেন। সেখানে বাথরুমে আটকে রেখে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে ছুরি দিয়ে শিশুটির মাথা বিচ্ছিন্ন ও দুই হাত কাঁধ থেকে অর্ধবিচ্ছিন্ন করে বাথরুমের একটি বালতিতে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে ওই ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান মা। ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে শয়নকক্ষের মেঝেতে শিশুর মস্তকবিহীন মরদেহ এবং বাথরুমের বালতিতে মাথা উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রথমে স্বপ্না খাতুনকে এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সোহেল রানা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় দেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুন—উভয়কেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করে তা শিশুটির উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং দুই আসামি জেল আপিল করেন।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেমন্তের আগমনী সুর
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল
সাবেক মেয়র সাঈদ খোকন ডিবিতে হস্তান্তর
মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশ-বিজিবি মোতায়েন