বছরে ১৪০ বিলিয়ন ডলার সম্পদ বৃদ্ধি: শুধু পরিশ্রম নয়, ধনী হওয়ার ভিন্ন রহস্য জানালেন শীর্ষ ধনকুবের

একজন মানুষ প্রতিদিন ১৬-১৮ ঘণ্টা কাজ করছেন। আরেকজন কাজ করছেন মাত্র ৮ ঘণ্টা। সাধারণ হিসাবে প্রথম মানুষটিকেই বেশি পরিশ্রমী মনে হবে। কিন্তু যদি দ্বিতীয় ব্যক্তি একই সময়ে প্রথমজনের চেয়ে ১০ গুণ বেশি আয় করেন, তাহলে কে বেশি কাজ করছেন?
বিখ্যাত উদ্যোক্তা অ্যালেক্স হারমোজির মতে, ব্যবসার জগতে পরিশ্রমের হিসাবটা আমরা ভুলভাবে বুঝে এসেছি।
তিনি একসময় এমন একটি পর্যায়ে পৌঁছেছিলেন, যখন তাঁর বার্ষিক আয় ম্যাকডোনাল্ডস, আইকিয়া, ফোর্ড, মটোরোলা ও ইয়াহুর সিইওদের সম্মিলিত আয়ের চেয়েও বেশি ছিল। মাত্র ৩৩ বছর বয়সে তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যের আয় ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।
তাঁর মতে, ধনী হওয়ার মূল রহস্য বেশি সময় কাজ করা নয়, বরং একই সময়ে বেশি ফলাফল তৈরি করার ক্ষমতা। আর এই ক্ষমতার নাম লিভারেজ।
ধরুন, একজন বিক্রয়কর্মী দিনে ১০০ জনকে ফোন করেন। আরেকজনও একই সংখ্যক ফোন করেন। কিন্তু দ্বিতীয়জনের কাছে ভালো কাস্টমার লিস্ট, উন্নত বিক্রয় কৌশল এবং স্বয়ংক্রিয় ডায়ালার রয়েছে। ফলে একই সময় ব্যয় করেও তিনি কয়েক গুণ বেশি বিক্রি করতে পারেন।
এখানেই শেষ নয়। অ্যালেক্স মনে করেন, উদ্যোক্তাদের সবচেয়ে বড় শত্রু হলো বারবার নতুন ব্যবসার পেছনে ছোটা।
একজন পরিচিত ব্যক্তি ছাদ মেরামতের ব্যবসা, বাড়ি নির্মাণ এবং পুরোনো বাড়ি কিনে বিক্রি, সব একসঙ্গে করছিলেন। তাঁর ধারণা ছিল, এতে কোনো সুযোগ হাতছাড়া হবে না। কিন্তু অ্যালেক্স তাঁকে বলেছিলেন, সবকিছু করার চেষ্টা না করে একটি ব্যবসাতেই মনোযোগ দিতে।
কারণ, প্রতিটি ব্যবসারই সমস্যা আছে। নতুন ব্যবসায় গেলে সেই সমস্যাগুলো আবার শূন্য থেকে শিখতে হয়। সফল হতে হলে একটি কাজ দীর্ঘদিন ধরে আরও ভালো করতে হবে।
নিজের জীবনেও তিনি এই ভুল করেছিলেন। একসময় তাঁর নয়টি ব্যবসা ছিল, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে তেমন টাকা ছিল না। পরে পাঁচটি জিম বিক্রি করেন, একটি বন্ধ করেন এবং দুটি এজেন্সি গুটিয়ে ফেলেন। শুধু একটি ব্যবসায় মনোযোগ দেওয়ার ১২ মাসের মধ্যে সেটির মাসিক আয় শূন্য থেকে প্রায় ১৮ কোটি টাকায় পৌঁছে যায়।
তাঁর শেষ বার্তাটি আরও গুরুত্বপূর্ণ। নতুন কিছু শুরু করার আগে নিজের বর্তমান ব্যবসাটিকে আরও ভালো করার চেষ্টা করুন। বিক্রির স্ক্রিপ্ট, বিজ্ঞাপন, ওয়েবসাইট, অফার কিংবা কাস্টমার ফলোআপ, প্রতিটি জায়গায় উন্নতি আনুন।
কারণ, বড় ব্যবসা গড়ে ওঠে প্রতিদিন নতুন কিছু করার মাধ্যমে নয়, বরং একই গুরুত্বপূর্ণ কাজ বছরের পর বছর আরও ভালোভাবে করার মাধ্যমে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













