উন্নয়ন প্রকল্প দেখতে আলফাডাঙ্গায় ডিসি মাজহারুল, উদ্বোধন করলেন নতুন কুঁড়ি স্পোর্টস

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সোমবার দুপুরে উপজেলা সফরে গিয়ে তিনি এসব কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি উপজেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এদিন দুপুর ১টা ১৫ মিনিটে আলফাডাঙ্গায় পৌঁছে পরিদর্শন কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক। প্রথমে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় পরিদর্শন করেন। পরে আলফাডাঙ্গা পৌরসভা, আলফাডাঙ্গা থানা, একটি শিক্ষাপ্রতিষ্ঠান, আশ্রয়ণ প্রকল্প ও একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সরকারি সেবার মান এবং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প নিয়মিত পরিদর্শনের উদ্দেশ্য হলো সেবার মান নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমের বাস্তব অগ্রগতি পর্যবেক্ষণ করা। জনগণ যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পায়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আলফাডাঙ্গার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে জেলা প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জোবায়ের হাবিব। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি হবে।
আলফাডাঙ্গার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে এসে জাতীয় পর্যায়ে উপজেলার সুনাম বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের উৎসাহ দেন। পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













