পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নিয়ে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

তৈরি পোশাক গার্মেন্টস শিল্প খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত এই সভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের এই তৃতীয় বৈঠকে মালিকপক্ষের পক্ষ থেকে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব পেশ করার কথা ছিল। এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন। ওই দিন মালিকপক্ষ প্রস্তুতি না থাকায় প্রস্তাব দিতে ব্যর্থ হলে বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সেই সময়সীমা অনুযায়ী, আজকের সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে বলে জানিয়েছিল তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
বেতন বৃদ্ধির দাবিতে পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের মুখে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন এবং পোশাকশিল্পের জন্য পৃথক বোর্ড গঠন করে সরকার। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বর মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। উল্লেখ্য, চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। এর আগে সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হয়েছিল, যা ওই বছরের ডিসেম্বরে কার্যকর হয়। সংশোধিত আইন অনুযায়ী, বর্তমান মজুরি কাঠামোর তিন বছরের মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হচ্ছে।
(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













