জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, অগ্রাধিকার পাবেন যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৩৩
অ- অ+

জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘ই-ঋণ’ বা ই-লোন পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ব্যাংকে না গিয়েই ডিজিটাল মাধ্যমে এ ঋণের জন্য আবেদন করা যাবে। প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষ এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ৯ নভেম্বর এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে স্কিমটির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের তফশিলি ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। গ্রাহকেরা ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংকের মোবাইল অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ই-ওয়ালেটের মতো ডিজিটাল মাধ্যমে ঋণের আবেদন করতে পারবেন। ঋণ গ্রহণ থেকে শুরু করে কিস্তি পরিশোধ—পুরো প্রক্রিয়াই ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যাবে।

এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ। অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে।

যারা ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় কয়েকটি জনগোষ্ঠীকে ঋণ বিতরণের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী, প্রত্যন্ত ও দূরবর্তী এলাকায় বসবাসকারী এবং প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষ।

এ ছাড়া প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকেরা এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীকে সহজে ঋণসেবার আওতায় আনা। বিশেষ করে যাদের পক্ষে জামানত দিয়ে প্রচলিত ব্যাংক থেকে ঋণ নেওয়া কঠিন, তাদের জন্য এ স্কিম সহায়ক হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

এ স্কিমের মাধ্যমে ক্ষুদ্র ঋণ সহজলভ্য হওয়ার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ড বাড়বে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে মোবাইল অ্যাপ ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে মানুষের অভ্যস্ততা তৈরি হবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার লক্ষ্যেই ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবাদার তোপে শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ, ১৬ রানেই ২ উইকেট নেই
শাহজালালে যাত্রীর রেক্টামে চারটি ‘সোনার ডিম’, অন্তর্বাসে স্বর্ণের পেস্ট
দেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় মিলল বিশাল গ্যাসকূপের সন্ধান
পেশাদার চালকদের দক্ষতা বাড়াতে বিআরটিসির প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন