কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় সেই পুলিশ সুপার গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ, তথ্য পাচার এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রামের পুলিশ অফিসার্স মেস থেকে গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতেই চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এসপি মোহাম্মদ জাহাংগীর আলমের ব্যক্তিগত ও সরকারি—উভয় মুঠোফোন থেকেই নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের প্রমাণ মিলেছে। এর আগে গত মঙ্গলবার তাঁর দুটি মুঠোফোন জব্দ করে তাঁকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল। সে সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী মুঠোফোন জব্দের বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে বিস্তারিত কারণ জানাতে রাজি হননি।
উল্লেখ্য, এর আগে গত ডিসেম্বরে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগেও এসপি মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছিল।
(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













