৩০০ টাকায় মিলছে ১০ কেজি চাল, স্বস্তিতে পোশাকশ্রমিকেরা

বাজারে চালের দাম বাড়তি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন পোশাকশ্রমিকেরা। এমন পরিস্থিতিতে গাজীপুরে ৩০ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ পাচ্ছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ৩০০ টাকায় ১০ কেজি চাল পাচ্ছেন একজন শ্রমিক।
প্রথম পর্যায়ে গাজীপুর মহানগরের ৩০টি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ১৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে জেলা খাদ্য অধিদপ্তর। শুক্রবার সকাল থেকে বিভিন্ন কারখানায় এই চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার সকালে মহানগরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের চাল কিনতে দীর্ঘ সারিতে দাঁড়াতে দেখা যায়। বাজারের তুলনায় কম দামে চাল কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা। তবে চালের পাশাপাশি ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও স্বল্পমূল্যে সরবরাহের দাবি জানিয়েছেন শ্রমিকেরা।
মহানগরের তিন সড়ক এলাকার স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কারখানায় এদিন ৫০০ শ্রমিকের মধ্যে চাল বিতরণ করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে কম দামে চাল পেয়ে খুশি শ্রমিকেরা। তাদের মতে, এ উদ্যোগ সংসারের ব্যয় কিছুটা কমাতে সহায়তা করবে।
স্প্যারো অ্যাপারেলস লিমিটেডের প্রধান নির্বাহী কাজী শরিফুল ইসলাম বলেন, তাদের কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক রয়েছেন। প্রথম পর্যায়ে তাদের মধ্য থেকে ৫০০ শ্রমিককে বাছাই করে চাল দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তিনি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফি আফজালুল আলম জানান, প্রথম পর্যায়ে গাজীপুর মহানগরের ৩০টি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ১৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নির্ধারিত কারখানাগুলোতে শ্রমিকদের মধ্যে ন্যায্যমূল্যে চাল বিক্রি করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












