কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘গ্রিন ক্যাম্পাস’ এবং নগর এলাকায় ‘গ্রিন সিটি’ গড়ে তোলার উদ্যোগ নিতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং তরুণদের দক্ষতা উন্নয়নেও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
শনিবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী অডিটোরিয়ামে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় ও প্রশ্নোত্তর অনুষ্ঠানে এসব কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো. কাজী জিয়াউদ্দিন বাসিত।
অনুষ্ঠানে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন তিনি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। তাঁরা জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান নিয়ে নানা প্রশ্ন করেন।
গত ১০ নভেম্বর তুরস্কে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল দেশটিতে যায়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ওই দলে ছিলেন ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসিত। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বিভিন্ন সাইড মিটিংয়েও অংশ নেন তাঁরা। গত ১৩ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল দেশে ফেরে।
সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছে জানিয়ে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন খাতে অর্থায়নের বিষয়টি সম্মেলনে বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন কার্যক্রমে অর্থ বরাদ্দ ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বরাদ্দ করা অর্থ কার্যকরভাবে ব্যয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ছাত্রদলের পরিবেশবান্ধব কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, সংগঠনটি বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ, ক্যাম্পাস পরিচ্ছন্নতা, পাখির বাসা স্থাপন, প্রাণীদের খাবার বিতরণ এবং বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রম পরিচালনা করে আসছে। কপ-৩১ থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে এসব কার্যক্রম আরও জোরদার করা হবে।
কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, সম্মেলনে বিভিন্ন দেশের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে জানার সুযোগ হয়েছে। সেসব অভিজ্ঞতা বাংলাদেশের বাস্তবতায় কাজে লাগাতে চান তাঁরা। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ক্যাম্পাস ও নগর এলাকায় গ্রিন সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক উষ্ণতা কমানো, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরিতে ছাত্রদলের নেতা-কর্মীরা ভূমিকা রাখবেন।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের ২৯ নম্বর দফায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে বৃক্ষরোপণ, নদীশাসন, খাল খনন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্য অপসারণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচিকেও পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেন এই ছাত্রদল নেতা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, প্রধানমন্ত্রী যে ফ্লাইটে তুরস্কে গেছেন, তাঁরাও একই ফ্লাইটে গেছেন। একই হোটেলে অবস্থান করেছেন এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও প্লেনারি সেশনে উপস্থিত থাকার সুযোগ পেয়েছেন। একটি প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় ছাত্রদলের দুই প্রতিনিধিকে তাঁর পাশে বসার সুযোগ দেওয়া হয়েছিল।
ছাত্রদলের নেতা-কর্মীদের আন্দোলন-সংগ্রামে ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভবিষ্যতে আরও নেতা-কর্মী আন্তর্জাতিক সম্মেলন ও রাষ্ট্রীয় সফরে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে প্রত্যাশা করেন তিনি। তাঁর মতে, আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তরুণ নেতৃত্বের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে সহায়তা করে।
তরুণদের দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান কাজী জিয়াউদ্দিন বাসিত। তিনি বলেন, সম্মেলনের একপর্যায়ে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বেসরকারি সংস্থার প্রধান নির্বাহীর সঙ্গে ছাত্রদলের দুই প্রতিনিধির বৈঠক হয়। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে বাংলাদেশের তরুণদের জন্যও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে সংস্থাটির সঙ্গে যোগাযোগ ও ই-মেইল ঠিকানা বিনিময় করা হয়েছে। শিগগিরই বাংলাদেশে এ প্রকল্প চালুর সম্ভাবনা রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। ছাত্রদলে বিজ্ঞান, চিকিৎসা, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী রয়েছেন উল্লেখ করে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ দেওয়া গেলে ভবিষ্যতে বিজ্ঞানী, উদ্ভাবক, চিকিৎসক, অর্থনীতিবিদ ও দক্ষ কূটনীতিক তৈরি করা সম্ভব। রাষ্ট্র পরিচালনা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো যোগ্য মানবসম্পদ ছাত্রদলের মধ্যে রয়েছে বলেও দাবি করেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













