ভুটানকে হারিয়ে টানা দশমবার সাফের ফাইনালে ভারত

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের আধিপত্য যেন থামছেই না। ভুটানকে ২-১ গোলে হারিয়ে টানা দশমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে সর্বাধিক ৯ বারের চ্যাম্পিয়ন দলটি।
শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হয় ভারত। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় ভারত। বিরতির পর এক গোল শোধ করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি ভুটান।
ম্যাচের নবম মিনিটেই পুথিয়া ভালাপ্পির গোলে এগিয়ে যায় ভারত। এরপর ২৮ মিনিটে কনসাম সিংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভারত।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে ভুটান। ৪৮ মিনিটে চেনচোর ক্রস থেকে হেডে গোল করেন তাশি টবডেন। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করেছিলেন রেফারি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। ফলে ব্যবধান কমিয়ে ২-১ করে ভুটান।
ম্যাচে ভিএআরের প্রভাব ছিল আরও একবার। ভারতের পাওয়া একটি পেনাল্টির সিদ্ধান্ত পর্যালোচনার পর বাতিল করেন রেফারি। তবে প্রযুক্তির সহায়তায় পাওয়া সুযোগ কাজে লাগিয়েও ম্যাচে সমতা ফেরাতে পারেনি ভুটান।
৮৪ মিনিটে ভারতের সুহাইল বাটের দুর্দান্ত একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর যোগ করা সময়ের শেষ দিকে সমতা ফেরানোর দুটি সুবর্ণ সুযোগ পেয়েছিল ভুটান। কিন্তু বদলি খেলোয়াড় তেনজিন সহজ দুটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। আর তাতেই নিশ্চিত হয় তাদের ফাইনালের টিকিট।
উল্লেখ্য, এটি সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। আগের ১৪ আসরের মধ্যে মাত্র একবার ফাইনালে উঠতে পারেনি ভারত। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরের সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। বাকি সব আসরেই ফাইনাল খেলেছে দলটি। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে টানা দশমবারের মতো শিরোপার লড়াইয়ে নামছে ভারত।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













