শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ২২:২০
অ- অ+

সাফ চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় দিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকেরা। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল করেছেন হামজা চৌধুরী। এ ছাড়া একটি করে গোল করেছেন শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন।

এই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে টমাস ডুলির দল। আগামী ১৪ নভেম্বর প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তান।

ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর চাপ তৈরি করে খেলতে থাকে বাংলাদেশ। অষ্টম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। ডান দিক থেকে হামজা চৌধুরীর বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ফিস্ট করে ফেরান। তবে বল বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে শমিত সোমের প্রথম শট প্রতিহত হলেও দ্বিতীয় প্রচেষ্টায় জালে পাঠান তিনি।

২৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফারহান আলীর বাড়ানো লম্বা বলে রাকিব হোসেনের হেডের পর গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে ব্যাকহিল চিপ করেন হামজা। তবে বল বারের সামান্য ওপর দিয়ে চলে যায়।

বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হামজা। বাঁ দিক দিয়ে গতি বাড়িয়ে শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে ঢোকেন তিনি। এরপর জোরালো শটে বল জালে পাঠান বাংলাদেশ অধিনায়ক। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকেরা।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন ফারহান আলী ওয়াহিদ। শমিতের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে ভেতরে ঢোকেন তিনি। এরপর শ্রীলঙ্কার চারজন ডিফেন্ডারকে কাটিয়ে দৃষ্টিনন্দন গোল করেন এই তরুণ।

তিন গোলে এগিয়ে যাওয়ার পর কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিতে বদলি নামান কোচ টমাস ডুলি। মাঠে নামেন শুকি ইতোফুসা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ হৃদয়, রহমত মিয়া ও জামাল ভূঁইয়া। তবে গোলের জন্য আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের ৮৭ মিনিটে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। দারুণ এক চিপে শ্রীলঙ্কার গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান তিনি। তাতে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

অন্যদিকে এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। তাদের পরাজয়ে ১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে ভুটান। শেষ চারে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ, নজরদারিতে এসপি জাহাংগীর , মুঠোফোন জব্দ
খিলগাঁও থানার ভেতরে ককটেল নিক্ষেপ
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, হাতেনাতে দুজন গ্রেপ্তার
মিরসরাইয়ে যুবলীগ নেতা নুরুদ্দিন বাহার গ্রেপ্তার