যশোরের মনিরামপুর: সারের ডিলার নিয়ে অনিয়মের আরও একটি জলজ্যান্ত দৃষ্টান্ত!

কৃষি মন্ত্রণালয়ের সারাদেশে সার ডিলার নিয়োগের তালিকা প্রকাশের পর যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নে ডিলার নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আবেদনকারীর ঠিকানা ও স্থায়ী বাসিন্দা হওয়ার যোগ্যতা নিয়ে অভিযোগ ওঠায় ইউনিয়নটিতে ডিলার নিয়োগ স্থগিত রাখা হয়েছে। এতে আসন্ন বোরো মৌসুমে সার সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যশোর জেলায় ৯৩টি ইউনিয়ন ও আটটি পৌরসভা রয়েছে। এর মধ্যে মনিরামপুর, বাঘারপাড়া ও চৌগাছা উপজেলার একটি করে ইউনিয়নে সার ডিলার নিয়োগের বিষয়টি পেন্ডিং রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, মনিরামপুর উপজেলার ৮ নম্বর হরিহরনগর ইউনিয়নে ডিলার নিয়োগের জন্য কৃষি মন্ত্রণালয়ে তিনটি প্রতিষ্ঠানের নাম সুপারিশ করা হয়েছিল। তালিকার প্রথমে ছিল মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নূর হোসেনের স্থায়ী ঠিকানা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ অনুযায়ী, তিনি হরিহরনগর ইউনিয়নের বাসিন্দা নন; তার নাগরিক সনদ ও জাতীয় পরিচয়পত্রে ঠিকানা মনিরামপুর উপজেলার ১ নম্বর রোহিতা ইউনিয়নের পলাশি গ্রাম। এ ছাড়া তিনি একজন শিক্ষার্থী বলেও অনুসন্ধানে জানা গেছে।
কৃষি মন্ত্রণালয় সূত্রের দাবি, যাচাই-বাছাইয়ে ঠিকানা-সংক্রান্ত অসংগতি ধরা পড়ায় সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬-এর ১.৫ অনুচ্ছেদ অনুসারে হরিহরনগর ইউনিয়নে ডিলার নিয়োগ স্থগিত রাখা হয়েছে।
এদিকে আসন্ন বোরো মৌসুমে ইউনিয়নের কৃষকরা যাতে সার সংকটে না পড়েন, সে জন্য দ্রুত ডিলার নিয়োগের আবেদন জানিয়েছেন হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস। তিনি যশোরের জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
ডিলার নিয়োগসহ জেলার বিভিন্ন অভিযোগ তদন্তে যশোরের জেলা প্রশাসক ইতিমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। তবে এখন পর্যন্ত তদন্তের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।
কৃষি মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, ২০২৬ সালের সমন্বিত নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়নে যোগ্য ও প্রকৃত বাসিন্দার আবেদন থাকলে অন্য ইউনিয়ন থেকে ডিলার নিয়োগের সুযোগ নেই। সে ক্ষেত্রে প্রথম সুপারিশের আবেদন বাতিল হলে দ্বিতীয় সুপারিশে থাকা প্রতিষ্ঠান এবং সেটিও বাতিল হলে তৃতীয় সুপারিশে থাকা প্রতিষ্ঠান নিয়োগের বিবেচনায় আসবে।
সুপারিশ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কবির ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. শাহাজান কবির হরিহরনগর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তৃতীয় স্থানে রয়েছে মেসার্স জয়গুন ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. হাফিজুর রহমানও ওই ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কৃষি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, যশোর জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হরিহরনগর ইউনিয়নে সার ডিলার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ইউনিয়নের প্রকৃত বাসিন্দা ও যোগ্য সার ব্যবসায়ীকে ডিলার হিসেবে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে আসন্ন বোরো মৌসুমে কৃষকদের সার সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।
(ঢাকাটাইমস/১১ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













