১৩ বছরের দাম্পত্যের ইতি টানছেন পবন কল্যাণ

দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও দক্ষিণী সিনেমার অভিনেতা পবন কল্যাণ। স্ত্রী আন্না কোনিডালার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তাঁরা। তবে বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সন্তানদের প্রতি অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের কথা জানিয়েছেন দুজন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান পবন ও আন্না।
বিবৃতিতে তাঁরা জানান, আলোচনা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর এবার দুজন নিজেদের মতো করে এগিয়ে যেতে চান। তবে সন্তানদের সুখ ও ভালো থাকাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন তাঁরা।
একই সঙ্গে ব্যক্তিগত এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন পবন ও আন্না। তবে বিচ্ছেদের পেছনে কোনো কারণ উল্লেখ করেননি তাঁরা।
২০১৩ সালে রুশ নাগরিক আন্না কোনিডালাকে বিয়ে করেন পবন কল্যাণ। তাঁদের সংসারে পোলেনা অঞ্জনা পবনোভা নামে এক মেয়ে ও মার্ক শঙ্কর পবনোভিচ নামে এক ছেলে রয়েছে।
এটি পবন কল্যাণের তৃতীয় বিয়ে। ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে বিচ্ছেদের পর ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন। তবে ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এর এক বছর পর আন্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা।
অভিনেতা চিরঞ্জীবী ও নাগেন্দ্র বাবুর ছোট ভাই পবন কল্যাণ অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। ২০১৪ সালের মার্চে তিনি জনসেনা পার্টি প্রতিষ্ঠা করেন। ২০২৪ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা ও লোকসভা নির্বাচনে জনসেনা পার্টি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও বিজেপির জোট জয়লাভ করে। পরে ওই বছরের ১৪ জুন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পবন কল্যাণ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













