টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, রণক্ষেত্র এলাকা

দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল, ব্যাপক ভাঙচুর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে এ সংঘাতের সূত্রপাত ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা নিয়ে টুঙ্গিপাড়া মোড়ে জড়ো হন। একপর্যায়ে তারা প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই কর্মসূচিতে যোগ দিয়ে একটি বিশাল মিছিল বের করেন।
মিছিলটি জনমনে আতঙ্ক তৈরি করলে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। শুরু হয় উভয় পক্ষের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টাধাওয়া। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, লগি-বৈঠা হাতে নেতাকর্মীরা টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ জেলা সদর থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পাঠানো হয়েছে।
এদিকে, এই ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গতকাল সোমবার রাত থেকেই গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা ও নাশকতার খবর পাওয়া গেছে।
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সোমবার রাতে জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এছাড়া কোটালীপাড়ায় গভীর রাতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সার্বিক বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতের নাশকতামূলক কর্মকাণ্ডের পর পুলিশি অভিযানে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলগুলো থেকে ৭টি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তিনি আরও দাবি করেন, মঙ্গলবারের টুঙ্গিপাড়ার ঘটনাটি ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।(ঢাকাটাইমস/১০ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













