সৌদি আরবের মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা, আগুন নিয়ন্ত্রণে

সৌদি আরবের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ (পূর্ব-পশ্চিম) তেল পাইপলাইনে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দেশটির পবিত্র মদিনা অঞ্চলে পাইপলাইনটির একটি অংশকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে সেখানে সীমিত আকারে আগুনের সূত্রপাত হলেও জরুরি উদ্ধারকারী দল তা দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এবং মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সৌদি আরবের পূর্বাঞ্চলের প্রধান তেল উৎপাদন কেন্দ্রগুলো থেকে অপরিশোধিত তেল লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরে পাঠানো হয়। এর আগে গত সেপ্টেম্বর মাসে এই পাইপলাইনে ড্রোন হামলা চালানো হয়েছিল, যার ফলে নিরাপত্তার স্বার্থে কয়েক দিনের জন্য এর কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। সে সময় ওই হামলার জন্য ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছিল রিয়াদ।
মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে স্থানান্তর করছে, যা বিশ্বব্যাপী দৈনিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদির জন্য এই পাইপলাইনটি একটি অন্যতম রক্ষাকবচ। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যেখানে প্রতিবেশী দেশগুলোর তেল রপ্তানি মারাত্মক সংকটে পড়েছে, সেখানে এই বিকল্প পথের উপস্থিতির কারণে সৌদি আরব বড় ধরনের অর্থনৈতিক ও কৌশলগত ধাক্কা এড়াতে পেরেছে।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেই ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটকে সহায়তা করতে সেনা পাঠানোর খবর নাকচ করে দিয়েছে সিরিয়া।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেছেন, "ইয়েমেনে সিরিয়ার কোনো সেনা মোতায়েন করা হয়নি এবং নিকট ভবিষ্যতে সেখানে সেনা পাঠানোর কোনো পরিকল্পনাও সরকারের নেই।"
এর আগে ফরাসি বার্তা সংস্থা এএফপি-এর একটি প্রতিবেদনে ইয়েমেনি সূত্রের বরাতে দাবি করা হয়েছিল যে, হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি জোটকে সাহায্য করতে সিরিয়ার সেনারা ইয়েমেন ও সৌদি আরবের বিভিন্ন অবস্থানে মোতায়েন রয়েছে। তবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।(ঢাকাটাইমস/১০ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












