সুন্দরবনের বনদস্যু নির্মূলে খোলপেটুয়া নদীতে নৌবন্ধন

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপকূলের জেলে-বাওয়ালীরা।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলার খোলপেটু নদীতে শত শত নৌকা নিয়ে এই নৌ বন্ধনে অংশ নেন জেলে-বাওয়ালীরা। এই কর্মসূচিতে একত্মতা ঘোষণা করে অংশ নেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও।
বনদুস্য নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুজ্জামান প্রমুখ।
এসময় জেলে বাবলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু এখনো কোনো প্রকার ফল পায়নি। প্রশাসন নির্বিকার। প্রতিদিন কোনো না কোনো এলাকা থেকে মুক্তিপণের দাবিতে জেলেদের তুলে নিয়ে যাচ্ছে বনদস্যুরা। আমরা আন্দোলনে নামায় ভয় আরো বেড়েছে।
জেলে সবুর আলী বলেন, আমরা সুন্দরবনে নামতে না পেরে দিনের পর দিন না খেয়ে আছি। সুন্দরবনে ঢুকলেই আমাদের তুলে নিয়ে যাবে, এই ভয়ে পরিবার নিয়ে খুবই দুর্দিনে আছি। প্রশাসনকে বারবার জানানোর পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখলাম না।
জেলে ওমর ফারুক বলেন, সরকার বনদস্যু নির্মূল করুক, না পারলে আমাদেরকে অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। তা না হলে আমরা খাব কি? দিনের পর দিন পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে। আমাদের আন্দোলনের ছবি তাদের কাছে পৌঁছে গেছে। ছবি দেখে দেখে আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা এখন কি করবো কিছুই বুঝতে পারছি না।
উপজেলা বিএনপি'র আহ্বায়ক মো. সোলায়মান কবির বলেন, সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে বন ও পরিবেশ মন্ত্রীর সাথে দেখা করে জেলেদের এই দুঃখ দুর্দশার কথা তুলে ধরবো।
বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক মো. সালাউদ্দিন লিটন বলেন, আজ নবমতম দিন আমরা আন্দোলন করছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পায়নি। দ্রুততম সময়ের প্রশাসন অভিযানে না নামলে এর চেয়ে কঠিন আন্দোলন গড়ে তুলবো।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, জেলে বাওয়ালীদের আন্দোলনের সাথে আমরা একমত।পাশাপাশি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে আমরা সবসময় প্রস্তুত। পাশাপাশি কয়েকটা বাহিনী বনদস্যু নির্মূলে কাজ করে যাচ্ছে। আমরাও তাদের সাথে যৌথ অভিযান পরিচালনা করার জন্য সর্বদা প্রস্তুত আছি।
প্রসঙ্গত, রোববারও সুন্দরবনে মৎস্য শিকারে গিয়ে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা।
(ঢাকা টাইমস/৯নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









