বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের ওপর। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার নীতির পূর্বাভাসের জেরে বিশ্ববাজারে স্বর্ণের এই বড় দরবৃদ্ধি ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে আন্তর্জাতিক বাজারে এই নতুন মূল্য রেকর্ড করা হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার মূল্যও ১.৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৩৯ ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহেও বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল।
রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা কম বলে মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করে। যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমেছে, যা বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমানোর সম্ভাবনা তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, তেলের দাম কমলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার পথ সুগম হয়। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে রাখার প্রয়োজনীয়তা কমে আসে। যেহেতু স্বর্ণে বিনিয়োগ থেকে কোনো নিয়মিত সুদ পাওয়া যায় না, তাই সুদের হার কমার প্রত্যাশা সবসময়ই এই মূল্যবান ধাতুর জন্য ইতিবাচক হিসেবে কাজ করে।বর্তমানে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের নীতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, কর্মসংস্থানের নতুন তথ্য প্রকাশের পর আগামী ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৭১ শতাংশ থেকে বেড়ে ৭৯ শতাংশে দাঁড়িয়েছে।
স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ ঊর্ধ্বমুখী. বিশ্ববাজারে রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ ডলার ৩১ সেন্টে কেনাবেচা হচ্ছে। এছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












