খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে বিএনপির বিশাল আয়োজন: সমন্বয়ের দায়িত্বে ৩ জ্যেষ্ঠ নেতা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩
অ- অ+

বিএনপির সাবেক চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণীয় করে রাখতে দেশব্যাপী বড় পরিসরে স্মরণ সভার পরিকল্পনা করছে দল। এই বিশাল আয়োজনের প্রস্তুতি ও সব কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন করতে দলের স্থায়ী কমিটির তিন জ্যেষ্ঠ নেতাকে বিশেষ সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত তিন নেতা হলেন—স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ডা. এ জে এম জাহিদ হোসেন ও রুহুল কবির রিজভী।

দলীয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই তাঁর মাতার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে এই বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছেন। তাঁর সরাসরি নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত এই তিন নেতা কর্মসূচির সার্বিক রূপরেখা ও আয়োজনের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছেন।

কর্মসূচির ধরন নির্ধারণ ও তা দেশব্যাপী সফল করতে আজ সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক উচ্চপর্যায়ের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত তিন নেতার পাশাপাশি দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এই বৈঠকে অংশ নেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানান, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা তাঁর অনুসারী হিসেবে চাইব, এটি যেন দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য ও স্মরণীয় একটি আয়োজন হয়ে ওঠে।" আজ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য, লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুর পর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছিল এবং বিএনপি দলীয়ভাবে সাত দিনের শোক পালন করে।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে খ্যাতি পাওয়া খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিসংবাদিত নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও তিনি কখনো আপস করেননি কিংবা দেশ ছাড়েননি। অংশ নেওয়া প্রতিটি সংসদ নির্বাচনেই তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।

দলীয় ফোরামের নেতারা মনে করছেন, প্রথম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে এই বড় স্মরণ আয়োজনের মধ্য দিয়ে প্রয়াত নেত্রীর রাজনৈতিক জীবন, ত্যাগ, দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় তাঁর অনন্য অবদানকে নতুন প্রজন্মের সামনে প্রামাণ্য আকারে তুলে আনা হবে।

(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা জানালেন পররাষ্ট্র সচিব
মাহবুবুল খালিদের নতুন গানে আসিফ আকবর
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
রুপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় যুবক গ্রেপ্তার