রয়টার্সের প্রতিবেদন

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৬| আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৭
অ- অ+

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) তিনি এই পদক্ষেপ নেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

রয়টার্স জানায়, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি প্রাপ্তির আবেদন সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এমতাবস্থায়, তাঁর মূল বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক বিভিন্ন সনদ ও বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর সহযোগীরা জানিয়েছেন, পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরপরই তাঁর প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। উল্লেখ্য, ২০২৪ সালের আন্দোলনের সময় সাধারণ মানুষের ওপর প্রাণঘাতী বলপ্রয়োগ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের (২০২৫) নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। তবে প্রবাসে অবস্থানরত শেখ হাসিনা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে দিল্লির বাংলাদেশ দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই আবেদনের বিষয়ে সম্প্রতি সরকারের নীতিনির্ধারকরা কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, শেখ হাসিনাকে সাধারণ ভ্রমণকারী হিসেবে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না; বরং ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার দেশে ফেরার এই আকস্মিক উদ্যোগ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করতে পারে। বর্তমানে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং দলের শীর্ষ নেতাদের বড় অংশই কারাবন্দি কিংবা বিভিন্ন দেশে আত্মগোপনে আছেন। একই সাথে, শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে গত দুই বছর ধরে ঢাকা-নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন চলছে, তাঁর এই নতুন পদক্ষেপের ফলে দুই দেশের কূটনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাহবুবুল খালিদের নতুন গানে আসিফ আকবর
রুপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় যুবক গ্রেপ্তার
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪১, মামলা ৪৮