কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ হোয়াইট হাউসে ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠক

হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে আজ সোমবার বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। হোয়াইট হাউসের প্রকাশিত সূচিতে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বৈঠকটি হবে রুদ্ধদ্বার, সেখানে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার থাকবে না। এক মার্কিন কর্মকর্তা জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাতার। ইরানের পরমাণু কর্মসূচি ও সংঘাত বন্ধের শর্ত নিয়ে দুই পক্ষের মতপার্থক্য কমাতে দেশটি যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরছে। তবে আলোচনায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
রবিবার প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ফ্লোরিডা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। তিনি বলেন, শিগগিরই এ সংকটের সমাধান হবে বলে তিনি মনে করছেন না। ট্রাম্প কূটনৈতিক উপায়ে সমাধান চান, তবে ইরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। কিছু শর্তকে তিনি 'আপত্তিকর, হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত' বলে মন্তব্য করেন।
একই দিন ট্রাম্প বলেন, আলোচনায় অগ্রগতি হলে এবং একটি শক্তিশালী চুক্তি হলে ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সামরিক অভিযান আবার শুরু হলে যুক্তরাষ্ট্র আরো কিছু স্থাপনায় হামলার জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি সতর্ক করেন। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সেতুও রয়েছে বলে জানান তিনি।(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













