শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভ টিজিং প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ মাউশির

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষক, অভিভাবক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে এসব কমিটি গঠন করতে বলা হয়েছে।
গতকাল রবিবার (৮ নভেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে এটি জারি করা হয়েছে।
চিঠি সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পাঠাতে হবে। এ লক্ষ্যে মাউশির আঞ্চলিক পরিচালকদের নিজ নিজ অঞ্চলের আওতাধীন কলেজগুলোতে কমিটি গঠন নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন অধিদপ্তরের ই-মেইল ঠিকানা [email protected]তে পাঠাতে হবে।
চিঠিটি সারা দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক এবং সরকারি-বেসরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে। এতে কমিটি গঠনের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













