আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

আজ সোমবার (৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় এই অধিবেশন শুরু হতে যাচ্ছে। সংক্ষিপ্ত মেয়াদের এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকেলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির জ্যেষ্ঠ সদস্য ও হুইপরা উপস্থিত ছিলেন।
চিফ হুইপ জানান, এবারের অধিবেশনে ৩টি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন এবং তা নিয়ে আলোচনার পাশাপাশি সংবিধান সংস্কার ও গণভোটের রায় কার্যকরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পেতে পারে। বিশেষ করে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন ও সংবিধানে গণভোটের রায় কার্যকর করার আইনি পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যকার মতপার্থক্য এবারের অধিবেশনের রাজনৈতিক আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। তবে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, রাজনৈতিক অঙ্গনে আলোচনা থাকলেও এবারের অধিবেশনে সংবিধান সংশোধনের কোনো আনুষ্ঠানিক বিল আসছে না।
সংসদীয় কার্যক্রম ও প্রশ্নোত্তর পর্ব
সংক্ষিপ্ত হলেও এবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ব্যাপক তোড়জোড় লক্ষ্য করা গেছে। সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। এর বাইরে সরকারি বিল, প্রশ্নোত্তর পর্ব ও জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে সাধারণ আলোচনার মতো নিয়মিত সংসদীয় কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগে গত ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। ওই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিলসহ মোট ৬টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছিল।
সংসদ এলাকায় ডিএমপির কড়া নিষেধাজ্ঞা
সংসদ অধিবেশন নির্বিঘ্ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জাতীয় সংসদ ভবন এবং এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার থেকে শুরু করে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বলবৎ থাকবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











