দেশে হাম ও ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি: একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজার ৫৬৮ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ১৭:৪১
অ- অ+

দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। অর্থাৎ দুই রোগে একদিনে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২২৫ জন শনাক্ত হয়েছেন। অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন। সব মিলিয়ে দুই রোগে নতুন করে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৮ জনে।

রবিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন ও ডেঙ্গুবিষয়ক বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৮২ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৪২ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনে। এ সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন রোগীরাও। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪ হাজার ৪৯ জন।

অন্যদিকে ডেঙ্গু পরিস্থিতিও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বুলেটিন অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬১ জনে। এর মধ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে মারা গেছেন ৩৮ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১ হাজার ১২৪ জন। এ ছাড়া খুলনায় ৩৩২ জন, চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ২৩১ জন, রাজশাহীতে ২১৩ জন, রংপুরে ৭৫ জন, ময়মনসিংহে ৭৪ জন এবং সিলেটে ১৫ জন ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে, দেশে একই সময়ে হাম ও ডেঙ্গুর বিস্তার জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগ তৈরি করেছে। একদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে, অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ, চতুর্থ দিন শেষে ৩১৫ রানে এগিয়ে ক্যারিবীয়রা
তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন এডিনবরার ডাচেস সোফি
চিকিৎসাকেন্দ্রিক নয়, প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: জিয়াউদ্দিন 
ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন