বিনামূল্যে ওমরাহ করার সুযোগ দিচ্ছে সৌদি সরকার, যেভাবে করবেন আবেদন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯
অ- অ+

কোনো টাকা খরচ না করেই পবিত্র মক্কা ও মদিনা শরীফ জিয়ারত এবং ওমরাহ পালনের এক অবিশ্বাস্য সুযোগ দিচ্ছে সৌদি আরব। শুধু স্মার্টফোনে কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিয়েই জিতে নেওয়া যাবে সম্পূর্ণ ফ্রি ওমরাহ প্যাকেজ। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম 'নুসুক' (Nusuk)।

চলতি বছরের ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই অনলাইন প্রতিযোগিতাটি চলবে আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। মাসব্যাপী এই আয়োজনে প্রতিদিন কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ থাকছে।

পুরস্কারের তালিকায় যা থাকছে:

প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার হিসেবে রয়েছে ১০০টি ফ্রি ওমরাহ প্যাকেজ। এই প্যাকেজের আওতায় একেকজন বিজয়ী ও তার সাথে আরও একজন সঙ্গী (মোট ২ জন) ওমরাহ পালনের সুযোগ পাবেন। প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:

• ঢাকা-সৌদি আরব আসা-যাওয়ার বিমান টিকিট।

• ওমরাহ ভিসা প্রসেসিং।

• মক্কা ও মদিনায় ১০ রাত অবস্থানের জন্য সম্পূর্ণ আবাসন সুবিধা।

এছাড়াও প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবতীকে জমজমের পানির বিশেষ পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক বিজয়ী পাবেন ২০ কার্টন জমজমের পানি (১০ কার্টন নিজের জন্য এবং ১০ কার্টন উপহার দেওয়ার জন্য)।

যেভাবে প্রতিযোগিতায় অংশ নেবেন:

ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে এই চ্যালেঞ্জে অংশ নেওয়া যাবে। প্রক্রিয়াটি নিচে দেওয়া হলো:

• অ্যাপ ডাউনলোড: প্রথমে স্মার্টফোনে সৌদি সরকারের অফিসিয়াল 'Nusuk' অ্যাপটি ডাউনলোড করতে হবে।

• অ্যাকাউন্ট তৈরি: অ্যাপে নিজের প্রয়োজনীয় ও সঠিক তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

• চ্যালেঞ্জ নির্বাচন: অ্যাকাউন্টে প্রবেশের পর মূল মেনু থেকে ‘ডিসকভার দ্য চ্যালেঞ্জ’ (Discover the Challenge) বা প্রতিযোগিতা সংক্রান্ত অপশনে ক্লিক করতে হবে।

• কুইজে অংশগ্রহণ: প্রতিদিন অংশগ্রহণকারীরা একটি করে 'ডিজিটাল চাবি' পাবেন। সেই চাবি দিয়ে অ্যাপের একটি ভার্চুয়াল দরজা খুললেই সামনে আসবে একটি প্রশ্ন।

• সঠিক উত্তর ও লটারি: প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই ওমরাহ ও জমজমের পানির মূল লটারিতে নাম অন্তর্ভুক্ত হবে।

অতিরিক্ত সুযোগ ও সতর্কতা:

অ্যাপে বন্ধু বা পরিবারের সদস্যদের ইনভাইট (আমন্ত্রণ) করে অতিরিক্ত চাবি সংগ্রহ করা যাবে, যা প্রতিযোগিতায় জেতার সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে। তবে মনে রাখতে হবে, বিজয়ীদের সম্পূর্ণ লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। নুসুক অ্যাপের বাইরে কোনো অপরিচিত লিংকে পাসপোর্ট বা ব্যক্তিগত গোপন তথ্য শেয়ার না করার জন্য সতর্ক করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৮ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোলার মেঘনায় ধরা পড়ল সাড়ে ১৭ কেজির বিশাল কাতলা, বিক্রি ১৭ হাজারে
ঢাবি’র পর বুয়েটের ভর্তি পরীক্ষাও পেছাচ্ছে না, ১৬ জানুয়ারি পরীক্ষা
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ৪০