২০২৭ সালের দুই ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ১৪:১৭
অ- অ+

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে দুটি পূর্বাভাসে এক দিনের পার্থক্য রয়েছে। একটি পূর্বাভাসে ৯ মার্চ এবং অন্যটিতে ১০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের কথা বলা হয়েছে।

কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসনের প্রকাশিত সম্ভাব্য ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস। মাসব্যাপী রোজা পালনের পর ৯ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ ছাড়া ৫ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান মাস শুরু হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। চাঁদ দেখা গেলে ওই রাতে তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা। এরপর সেহরি খেয়ে ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।

গালফ নিউজের পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ফলে রমজান শুরুর সম্ভাব্য তারিখে দুই পূর্বাভাসের মিল থাকলেও ঈদুল ফিতর নিয়ে রয়েছে এক দিনের পার্থক্য।

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

কাজাখস্তানের ধর্মীয় প্রশাসনের সম্ভাব্য ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এর আগের দিন, ১৫ মে পবিত্র আরাফাতের দিন পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ, ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত এবং ১৫ জুন পবিত্র আশুরা পালিত হতে পারে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী ১৪-১৫ আগস্ট উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এসব তারিখ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও সম্ভাব্য ধর্মীয় ক্যালেন্ডারের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। ইসলামি ধর্মীয় দিবসগুলোর চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পরই তারিখগুলো নিশ্চিত হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ২০ মার্চ উদযাপিত হয়েছিল পবিত্র ঈদুল ফিতর।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর ২১২ অভিযান, ৫৭০ কেজি ইলিশ জব্দ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
তাহসিফের মৃত্যুরহস্যে মিলল নতুন ক্লু, বাইকটি কার খুঁজছে পুলিশ
পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু