তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৮
অ- অ+

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ।

বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপকে হেফাজতে নিয়েছে পিবিআইয়ের সদস্যরা।

নিখোঁজ হওয়ার আগে ছয় ঘণ্টা একসঙ্গে ছিলেন তাহসিফ-দীপ

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে তার সঙ্গে এক ব্যক্তির দেখা হওয়ার দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেন।

ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে ওই ব্যক্তির দেখা হয়। তারা হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে সেখান থেকে চলে যান।

পরিবারের ভাষ্য অনুযায়ী, দীপের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে দীপ তাদের জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা হওয়ায় তারা একটি ওয়ার্কশপে যান। মোটরসাইকেল মেরামতের পর তারা বাসায় ফিরে খাবার খান। এরপর দীপ চলে যান বলে তার বক্তব্যের বরাত দিয়ে জানিয়েছে পরিবার।

তাহসিফের নিখোঁজ হওয়া ও পরে তার মরদেহ উদ্ধারের ঘটনায় দীপের ভূমিকা কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

তুরাগ নদ থেকে উদ্ধার হয় মরদেহ

এর আগে ২৮ অক্টোবর বিকাল সাড়ে চারটার দিকে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন।

হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে মরদেহটি তাহসিফ সৌরির বলে শনাক্ত করা হয়।

পরে বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত করা হয়। বিকাল ৪টা ৩৫ মিনিটে উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুর কারণ নিয়ে রহস্য

তাহসিফের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বাবা কে এম এনায়েতুল করিম ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে হত্যার আশঙ্কা জানিয়েছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তদবির নয়, মেধা ও যোগ্যতায় আনসারে নিয়োগের বাছাই
সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফেরার পথ খুলল শরীফ উদ্দিনের
সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ
উত্তরায় তাহসিফ সাউরির মরদেহ দাফন