১৩৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ ওয়েস্ট ইন্ডিজের, স্কোর ১৩৪/৪

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, ১৭:২৫
অ- অ+

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ২৭২ রান করেছে বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৪ রান তুলেছে ক্যারিবীয়রা। ফলে হাতে ৬ উইকেট নিয়ে এখনো ১৩৮ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

বুধবার শুরু হওয়া দুই দলের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে দারুণ অবস্থানে থেকেও শেষ পর্যন্ত বড় ধসের মুখে পড়ে বাংলাদেশ। দিনের শুরুতে আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম সেঞ্চুরি তুলে নেন। তবে এরপর দ্রুত উইকেট হারাতে থাকে স্বাগতিকেরা। মাত্র ৫৯ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

বাংলাদেশের ইনিংস ধসিয়ে দিতে বড় ভূমিকা রাখেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জশুয়া বিশপ ও স্পিনার জোমেল ওয়ারিকান। ওয়ারিকান তুলে নেন ৫ উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। হাসান মাহমুদের বলে জেকার আলীর বদলি ফিল্ডার জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্র্যান্ডন কিং। ২০ বলে ১৫ রান করেন তিনি।

এরপর জন ক্যাম্পবেল ও ত্যাগনারাইন চন্দরপল মিলে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও বাংলাদেশের ফিল্ডারদের হাতে দুবার জীবন পান ক্যাম্পবেল। সুযোগ কাজে লাগিয়ে ৭৮ বলে ৫৪ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন তিনি।

তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। মেহেদী হাসান মিরাজের বলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্যাম্পবেল। দ্বিতীয় উইকেটে চন্দরপলের সঙ্গে তার জুটি থেকে আসে ৬১ রান।

এরপর স্পিনার তাইজুল ইসলাম আঘাত হানেন। তার বলে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ৭ রান করে ফেরেন কাভেম হজ। একই ওভারে আমির জ্যাঙ্গুকে শূন্য রানে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলেন তাইজুল। মাত্র তিন বল খেলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দেন জ্যাঙ্গু।

৯৭ রানে ৪ উইকেট হারানোর পরও অবিচল ছিলেন চন্দরপল। এক প্রান্ত আগলে রেখে ১৪৫ বলে ৪৩ রান করে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে ১৫ রান নিয়ে অপরাজিত জাস্টিন গ্রিভস। দুজন মিলে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটি গড়েছেন।

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ১৫ ওভারে ৪৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। মেহেদী হাসান মিরাজ ১৯ ওভারে ৪৪ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। হাসান মাহমুদের শিকার ১ উইকেট।

দিনের শেষ দিকে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ৪৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৩৪ রান। তৃতীয় দিন তাইজুল-মিরাজদের স্পিনে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে আরও ভালো অবস্থানে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দীর্ঘ ১৯ বছর পর চাকরিতে ফিরলেন ২৪৬ পুলিশ কর্মকর্তা
২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর লক্ষ্য সরকারের
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি
সৌদি আরবে শ্রমিক নির্যাতন বন্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপের আহ্বান সাইফুল হকের