এলপি গ্যাসের কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রিতে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন দুই থেকে তিনগুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
প্রস্তাব অনুযায়ী, ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারে আমদানিকারকদের কমিশন ১৯১ টাকা থেকে বাড়িয়ে ৩০০ থেকে ৪৭৮ টাকা পর্যন্ত করার আবেদন করা হয়েছে। অন্যদিকে পরিবেশকেরা তাঁদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতারা ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করার প্রস্তাব দিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এলপিজির মূল্যবৃদ্ধি ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু হয়।
বিইআরসিতে জমা দেওয়া আবেদনের তথ্য অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারে কমিশন ৪৭৮ টাকা করার প্রস্তাব দিয়েছে ওমেরা। পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা কমিশন নির্ধারণের আবেদন করেছে।
এলপিজি আমদানির ব্যবসায় নিবন্ধিত কোম্পানি রয়েছে ৩০টি। এর মধ্যে ছয়টি কোম্পানি নিয়মিত আমদানি করে। এ ছাড়া আমদানিকারকদের কাছ থেকে গ্যাস সংগ্রহ করে নিজস্ব প্ল্যান্টে সিলিন্ডারজাত করার কাজে যুক্ত রয়েছে ১২টি প্রতিষ্ঠান।
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তখন প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় ১৫৩ টাকা ৬ পয়সা। একই সঙ্গে সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি ওজনের সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বাড়ানো হয়।
ওই সিদ্ধান্ত অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৮৪২ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৯১৩ টাকা এবং ১৫ কেজির দাম ২ হাজার ২৯৬ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৬১ টাকা এবং ৪৫ কেজির দাম ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
অন্যদিকে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়।
তবে ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাবের বিষয়ে বিইআরসি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে প্রস্তাবগুলো বাস্তবায়িত হবে কি না।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












