জাতীয় যুব দিবসে

জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন, চাকরির সুযোগ ৫ হাজার জনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, ১৫:৩২
অ- অ+

আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্‌যাপন করা হবে। এ উপলক্ষে চারজন যুব সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মীসহ মোট ১৪ জনকে জাতীয় যুব পুরস্কার ২০২৬ দেওয়া হবে। এ ছাড়া ৫৫টি প্রতিষ্ঠান নিয়ে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। সেখানে পর্যায়ক্রমে ৩ হাজার থেকে ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রাজধানীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এবার জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। প্রতিমন্ত্রী বলেন, দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং তাদের স্বাবলম্বী করতে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের মূল অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বলে জানান তিনি।

যুব দিবস উপলক্ষে জ্বালানি সংকট মোকাবিলায় সারা দেশে ১২ হাজার নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হবে। একই দিন ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান নিয়ে চাকরি মেলার আয়োজন করা হয়েছে।

এর আগে ৩১ অক্টোবর সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হবে।

যুব দিবস উপলক্ষে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়েও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী এসব কর্মসূচির মধ্যে রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, খাল খনন, রক্তদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুব ঋণ বিতরণ।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, যুবদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ ও উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদি আরবের হয়ে যুদ্ধে নামবে পাকিস্তান?
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় সেই কিশোরের জামিন
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দ্রুত প্রকল্প গ্রহণের উদ্যোগ: ফরহাদ হোসেন আজাদ
আবার বেড়ে যত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম