সিরাজদীখানে ৬ বছরের শিশু তওবাকে হত্যা, বাবাকে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে তওবা নামে ছয় বছরের এক শিশুকে হত্যা করে লাশ পরিত্যক্ত জমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মুল্লা ব্রিকস নামের একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।
পরদিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ঘটনাস্থলের কাছের একটি পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু তওবার বাবার বাড়ি উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে। তবে গোলাপ হোসেন স্ত্রী-সন্তানদের নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তওবার দাদা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন। বুধবার বিকেল ৫টার দিকে দাদার সঙ্গে দেখা করে ফেরার পথে শিশু তওবা ও তার বাবা গোলাপ হোসেন হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটিকে হত্যা করে ইটভাটার কাছে একটি পরিত্যক্ত জমিতে তার মরদেহ ফেলে রাখা হয়। একই ঘটনায় শিশুটির বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ছয় বছরের শিশুকে হত্যা এবং তার বাবাকে গুরুতর জখম করার অভিযোগে এলাকায় শোক, উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। একটু পরে বিস্তারিত জানাব।
(ঢাকা টাইমস/২৯অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












