১২ কেজি ১ হাজার ৯৭৬ টাকা করার সুপারিশ
আবার বেড়ে যত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম

ভোক্তাপর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। প্রস্তাবটি কার্যকর হলে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়বে ১৩৯ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে এ সুপারিশ তুলে ধরা হয়।
সকাল ১০টায় শুরু হওয়া এ গণশুনানি চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে বেসরকারি এলপিজির বিভিন্ন পর্যায়ে অপারেটর, ডিস্ট্রিবিউটর ও রিটেইলার চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী, এলপিজির আমদানি সমতা মূল্য (ইমপোর্ট প্যারিটি প্রাইস) প্রতি কেজিতে ১২৮ টাকা ৪০ পয়সা থেকে সমন্বয় করে ১২৮ টাকা ৭০ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ প্রতি কেজিতে ১৬ টাকা ৭৪ পয়সা থেকে বাড়িয়ে ২৩ টাকা ৪৮ পয়সা করার সুপারিশ করা হয়েছে। এ চার্জের মধ্যে অপারেটরের প্লান্ট থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।
ডিস্ট্রিবিউটর চার্জ প্রতি কেজিতে ৪ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৬৭ পয়সা করার প্রস্তাব দিয়েছে কারিগরি কমিটি। অন্যদিকে, হোম ডেলিভারি ব্যতীত রিটেইলার চার্জ ৩ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৮৩ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
কমিটির হিসাব অনুযায়ী, রিটেইলার পর্যায়ে সব খরচসহ প্রতি কেজি এলপিজির দাম বর্তমানে ১৫৩ টাকা ৬০ পয়সা। এটি বাড়িয়ে ১৬৪ টাকা ৬৮ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।
এসব চার্জ পুনর্নির্ধারণের প্রভাব হিসাব করেই ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৭৬ টাকা করার সুপারিশ করা হয়েছে।
তবে এই সুপারিশ এখনো চূড়ান্ত নয়। গণশুনানিতে প্রস্তাবিত চার্জের পক্ষে-বিপক্ষে বিভিন্ন পক্ষের বক্তব্য ও মতামত বিবেচনার পর বিইআরসি চূড়ান্ত মূল্যহার নির্ধারণ করবে। তাই আপাতত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর বিষয়টি প্রস্তাব পর্যায়েই রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













