ঠাকুরগাঁও-১ আসনে ১৮৫ কেন্দ্রে ভোটযুদ্ধ চলছে, লড়ছেন পাঁচ দলের প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭
অ- অ+

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও সদর, ভুল্লি ও রুহিয়া এলাকার ভোটকেন্দ্রগুলোতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুরো নির্বাচনি এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ আসনের মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন প্রায় সাড়ে ৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। পাশাপাশি অনিয়ম প্রতিরোধ ও ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর আসনটিতে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। এ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট পাঁচটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগ ও সংশয় থাকলেও নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়মের চেষ্টা মোকাবিলায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। অন্যদিকে ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের প্রতীক দাঁড়িপাল্লা। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের ভোটগ্রহণে ১৮৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েনের পাশাপাশি ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চার দিনের জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর রেকর্ড, সরকার গঠনে অনিশ্চয়তা
ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
তুরাগ নদী থেকে হাসিনার পালানোর ভিডিও প্রকাশকারী তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার