সাতদিনের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ: শ্রমমন্ত্রী

তৈরি পোশাকশিল্পে শ্রম অসন্তোষ নিরসন ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আগামী সাত দিনের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে ‘সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল মজুরি বোর্ড নিয়ে ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। শ্রমিক নন, অথচ শ্রমিক সংগঠনের নেতা পরিচয় দিয়ে কেউ কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছেন। এ বিষয়ে মালিক, শ্রমিক ও রাজনৈতিক নেতারা সজাগ রয়েছেন।
তিনি বলেন, ইতিমধ্যে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিদের তালিকা পাওয়া গেছে। আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করা হবে।
সভায় কারখানার মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের নিয়মিত ও বকেয়া মজুরি পরিশোধ করতে হবে। শিল্পাঞ্চলের সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি বিশেষ সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় সংসদ সদস্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ, বিকেএমইএ এবং মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এ সেল গঠন করা হবে। কোনো সমস্যা জানানো হলে জেলা প্রশাসক সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন।
মন্ত্রী অযথা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না করে মনিটরিং সেলে সমস্যার তথ্য জানিয়ে সমাধানের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার। এতে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনসহ মালিক-শ্রমিক প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













