‘খালেদা জিয়া এক মৃত্যুঞ্জয়ী মহীয়সী’

আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সম্পাদিত ‘খালেদা জিয়া এক মৃত্যুঞ্জয়ী মহীয়সী’ নামের বই প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন।
বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
‘অন্তর কথা, সংস্কৃতি চর্চা ও বিকাশ কেন্দ্র’- আয়োজিত এই প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান লিটন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. হারুন-অর-রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।
নিতাই রায় চৌধুরী বলেন, সংগ্রাম ও খালেদা জিয়ার নাম একাকার। যেখানেই সংগ্রাম, সেখানেই খালেদা জিয়ার নাম যুক্ত। এত বড় গণতান্ত্রিক সংগ্রামের নেত্রী পৃথিবীতে দ্বিতীয়টি পাওয়া যাবে না। এ কারণেই তিনি প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে বেঁচে থাকবেন।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হওয়ার পর মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়েও খালেদা জিয়া বলেছেন, ‘হিংসা নয়, বিদ্বেষ নয়, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও।’ এমন নেত্রী ও দেশপ্রেমী মানুষ বিরল।
এ সময় বইটি দেশের বিভিন্ন পাবলিক লাইব্রেরিতে সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
স্বাগত বক্তব্যে বইটির সম্পাদক মো. আরিফুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া মানে অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে এক আপসহীন নেত্রীর নাম। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













