শিরোনাম :

১৫০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব, অন্ধ্রপ্রদেশে উচ্চ সতর্কতা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১
অ- অ+

ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

ভারতের আবহাওয়া বিভাগের বুলেটিন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে ইয়ানাম এলাকায় ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় চার ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও দক্ষিণ ওড়িশার বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। ইয়ানামের কাছে জাতীয় সড়কে গাছ উপড়ে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় সড়ক থেকে গাছ সরানোর কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশের তিনটি বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট ও ট্রেন। উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে দুই হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে বহু মানুষকে এসব কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। গর্ভবতী নারীদেরও চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাসহ কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এ সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এসব জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। ওই দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার ভারি বৃষ্টি হতে পারে। টানা বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কায় সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। আগামী শনিবারও পাহাড় ও সংলগ্ন পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলসংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান, খুলছে ২ লাখ কর্মসংস্থানের নতুন দুয়ার
নেতানিয়াহুর ক্ষমতায় ফেরা ‘প্রায় অসম্ভব’, নির্বাচনে ধাক্কা ডানপন্থি জোটের
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবীর