বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও উল্লম্ফন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৬
অ- অ+

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। জ্বালানি তেলের দাম কমে আসা এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হওয়ায় স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্সের।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০ দশমিক ৬০ ডলারে দাঁড়ায়। এর আগে শুক্রবার স্বর্ণের দাম কমে ৩ হাজার ৯৭৫ ডলারে নেমেছিল, যা গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন।

স্টোনএক্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ বব হ্যাবারকর্ন বলেন, অপরিশোধিত তেলের দাম কিছুটা কমে আসায় স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি কম দামে স্বর্ণ কেনার প্রবণতাও দেখা যাচ্ছে। ফেডের সিদ্ধান্ত ঘোষণার আগপর্যন্ত প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলারের আশপাশে থাকতে পারে বলে ধারণা তাঁর।

গত সপ্তাহে ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছানোর পর সোমবার তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার সম্ভাবনা এতে ভূমিকা রেখেছে। তেলের দাম কমায় মূল্যস্ফীতির চাপ নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হলেও সরবরাহে নতুন করে বিঘ্ন ঘটলে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

বুধবার ফেডের সুদের হারের সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর পর এবার তা অপরিবর্তিত রাখার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৮০ শতাংশ।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। ফলে সুদের হারের সিদ্ধান্ত স্বর্ণের দামে প্রভাব ফেলতে পারে। ফেডের কর্মকর্তারা চলতি সপ্তাহে সুদের হার না বাড়ানোর ইঙ্গিত দিলেও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে এই বিরতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) তথ্য প্রকাশের কথা রয়েছে। মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে ফেডের পছন্দের এই সূচক থেকে সুদের হারের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে নতুন ধারণা পেতে চাইছেন বিনিয়োগকারীরা।

আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের নজরে রয়েছে। নির্বাচনের ফলাফল দেশটির রাজস্বনীতি, শুল্ক, ভূরাজনৈতিক ব্যয় ও নীতিগত অনিশ্চয়তায় কী প্রভাব ফেলে, তা মূল্যায়ন করছেন তাঁরা। এসব বিষয় মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার, ডলারের দর এবং স্বর্ণের বাজারকে প্রভাবিত করতে পারে বলে জানিয়েছে ওসিবিসির বিশ্লেষকেরা।

(ঢাকাটাইমস/২৭ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
কেন এখনই প্রয়োজন সমন্বিত ও কার্যকর নতুন আইন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩, মামলা ৩৮