বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: সানায়ে তাকাইচি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৪
অ- অ+

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান। বঙ্গোপসাগরকেন্দ্রিক সহযোগিতা জোরদার এবং দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী টোকিও। মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-তে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ খাতে জাপানের সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সানায়ে তাকাইচি। এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।

পরে দুই প্রধানমন্ত্রী নিজ নিজ সফরসঙ্গী ও মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন। এরপর পরিদর্শন বইতে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকতা শেষে দুই নেতা একান্ত বৈঠকে বসেন। তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজেরও আয়োজন করেন জাপানের প্রধানমন্ত্রী।

চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। পাশাপাশি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবেন তিনি।

সফরের প্রথম দিন সোমবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এ সময় ২০০৬ সালে জাপানে তাঁদের সাক্ষাতের কথা স্মরণ করেন তিনি। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আসোর অবদানের স্বীকৃতি জানান এবং তাঁকে আবারও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ ছাড়া মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী।

মারুবেনি করপোরেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, জ্বালানি ও উন্নত উৎপাদনশিল্পে জাপানি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) আধুনিকায়ন এবং বাংলাদেশে দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের সম্ভাবনাও আলোচনায় আসে।

জাইকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা অব্যাহত রাখা, চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং বাংলাদেশ-জাপান দক্ষতা অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন তারেক রহমান। এ সময় প্রযুক্তি গ্রাম ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশলশিল্প এবং জ্বালানি নিরাপত্তার বিষয়গুলোও গুরুত্ব পায়।

(ঢাকাটাইমস/২৭ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
কেন এখনই প্রয়োজন সমন্বিত ও কার্যকর নতুন আইন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩, মামলা ৩৮
বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও উল্লম্ফন