ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৮
অ- অ+

ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার।

লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো বিজয়ী হিসেবে কেইনের নাম ঘোষণা করেন। তাঁর নাম ঘোষণার পরপরই উল্লাসে ফেটে পড়েন উপস্থিত অতিথিরা।

এই অর্জনের মধ্য দিয়ে দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডের কোনো পুরুষ ফুটবলার ব্যালন ডি’অর জিতলেন। বায়ার্ন মিউনিখের হয়ে ধারাবাহিক গোল করে চলতি মৌসুমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কেইন।

পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত কেইন বলেন, ‘বাহ, বাহ, বাহ।’ নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি প্রায় বাকরুদ্ধ। লন্ডনে এই আয়োজন হওয়ায় মুহূর্তটি আমার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে। আজকের রাতটি আমার জন্য যেন শুভ বার্তা নিয়ে এসেছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেইন বলেন, এবারের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা ছিল কঠিন। অনুষ্ঠানে উপস্থিত বিশ্বের সেরা ফুটবলার, পুরস্কারজয়ী ও মনোনীত খেলোয়াড়দেরও অভিনন্দন জানান তিনি। তাঁর মতে, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম সাফল্যের পথ তৈরি করে দেয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫–২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে কেইনের গোলসংখ্যা ছিল ৭৩। ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে দলের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন তিনি।

বায়ার্নের হয়ে ১৫৮ ম্যাচে ১৫৬ গোল করেছেন কেইন। ক্লাবটির হয়ে গোলের রেকর্ডেও নিজের অবস্থান শক্ত করেছেন এই ইংলিশ স্ট্রাইকার। বুন্দেসলিগায় টানা তিন মৌসুম সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ২০২৫–২৬ মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলেও গোলের হিসাবে শীর্ষস্থান অর্জন করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে উত্তাল সাগর, সমুদ্রবন্দরে সতর্কসংকেত
ভারতের আসামে হোটেলে গুলি, নিহত ৫
ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন