ভারতের আসামে হোটেলে গুলি, নিহত ৫

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি হোটেলে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সোমবার রাতে শহরের একটি হোটেলের কাছে এ ঘটনা ঘটে। হোটেলের মালিক ও ইজারাদারের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গুয়াহাটি পুলিশের কমিশনার পার্থ সারথি মহন্ত জানান, গুলিতে ছয়জন আহত হন। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে গুয়াহাটির জিএস রোডে হোটেল বিলাস ইনের কাছে এ ঘটনা ঘটে। এলাকাটি আসাম পুলিশের সদর দপ্তর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে।
পুলিশ কমিশনার বলেন, নিহত ব্যক্তিরা সবাই হোটেলমালিকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। হোটেলের ইজারাদার নিজেই গুলি চালিয়ে তাদের হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
(ঢাকাটাইমস/২৭ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











