জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে দুজন বেসরকারি ব্যাংক থেকে এসেছেন। একইসঙ্গে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খানের নিয়োগ বাতিলের আগের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখা হয়েছে।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
সাউথইস্ট ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমকে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, যমুনা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আগামী তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদাকে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খানকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ তার নিয়োগ বাতিলের আগের আদেশ প্রত্যাহার করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে নিয়োগ পাওয়া শওকত আলী খান এখন তার তিন বছরের মেয়াদের বাকি সময় দায়িত্ব পালন করবেন।
শওকত আলী খান ছাড়া নতুন নিয়োগ পাওয়া বাকি তিন ব্যবস্থাপনা পরিচালক আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
এর আগে গত সপ্তাহে রাষ্ট্রায়ত্ত তিনটি বড় বাণিজ্যিক ব্যাংক—সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার।
এর আগে গত মাসে অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগও বাতিল করা হয়েছিল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













