ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩
অ- অ+

ইরানে কোনো সামরিক হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে একই দিনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেও পরে আপাতত হামলা না চালানোর কথা জানান তিনি।

রবিবার মিশিগানে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে হামলা চালানো হবে কি না, সে বিষয়ে তাঁর উত্তর হলো—না, রোববার কোনো হামলা হবে না।

এর আগে দিনের প্রথম ভাগে ইরানকে নিয়ে কঠোর বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি করা হবে, নাকি দেশটিকে পুরোপুরি নির্মূল করা হবে—এটাই এখন মূল প্রশ্ন।

এদিকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরান সেখান থেকে কিছুই পাচ্ছে না।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে অথবা তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারে ওয়াশিংটন। তবে ইরান কোনো সম্ভাব্য প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। পরে জুনে দুই পক্ষের মধ্যে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি।

এদিকে নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান পরিস্থিতি ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। তবে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে রোববার হামলা না চালানোর কথা বলা হলেও ভবিষ্যতে সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়নি।

(ঢাকাটাইমস/২৬ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩
Social Reformer: Sher-e-Bangla A. K. Fazlul Huq
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্রাজিলে আবারও প্রেসিডেন্ট হলেন লুলা