চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ০০:৩৪
অ- অ+

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান।

রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে টোকিওর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফর করছেন তারেক রহমান। তিনি ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া প্রতিনিধিদলে রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রতিনিধিদলে আরও রয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এবং আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি তার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে প্রথমবার বিমানে, উচ্ছ্বসিত আমজনতার তারেক
আসিফ-মাহফুজ বিএনপিতে যোগ দিতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন: রাশেদ খান
চট্টগ্রাম ও কক্সবাজারে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫
‘ভায়োলেন্স’ সিনেমায় এমন কী করলেন জায়েদ খান? পিঠে ভাঙা হলো ৫টি টিউবলাইট