স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে রাজশাহী রেঞ্জে আনসার প্রশিক্ষণার্থী বাছাই, অংশ নিলেন ১,৩৬১ জন

স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচনের লক্ষ্যে রাজশাহী রেঞ্জে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার রাজশাহী স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ বাছাইয়ে রাজশাহী রেঞ্জের আট জেলার ১ হাজার ৩৬১ জন প্রার্থী অংশ নেন।
বাছাইপ্রক্রিয়ায় প্রার্থীদের শারীরিক সক্ষমতা, স্বাস্থ্য ও অন্যান্য যোগ্যতা যাচাই করা হচ্ছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ধাপে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রাজশাহী রেঞ্জের আওতাধীন আট জেলা হলো– রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, পাবনা, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ।
বাছাইয়ের প্রথম ধাপে প্রার্থীদের উচ্চতা পরিমাপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর শারীরিক সক্ষমতা যাচাইয়ে দৌড়, সাইড জাম্প, হাই জাম্প ও পুশ-আপসহ বিভিন্ন পরীক্ষা নেওয়া হয়। এসব ধাপে উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক মেডিকেল পরীক্ষা, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়।
বাহিনীর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, কোনো ধাপে উত্তীর্ণ হতে না পারলে সংশ্লিষ্ট প্রার্থী পরবর্তী ধাপে অংশ নেওয়ার সুযোগ পান না। সব ধাপ শেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।
বাছাইয়ে উত্তীর্ণ হয়ে মেধাতালিকায় স্থান পাওয়া প্রার্থীরা অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত হবেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তাঁরা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) এবং অন্যান্য নির্ধারিত স্থানে অঙ্গীভূত আনসার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।
দক্ষ ও দায়িত্বশীল আনসার সদস্য গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছতা, শৃঙ্খলা ও যোগ্যতাভিত্তিক নির্বাচনপ্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে বাহিনী।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












