ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩০৭ হুথি যোদ্ধা নিহত, দাবি সেনাবাহিনীর

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ১৭:২৬
অ- অ+

ইয়েমেনে সামরিক অভিযানে ২৪ ঘণ্টায় ৩০৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অধীন সেনাবাহিনী। এ সময়ে হুথিদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় ৭৩৬টি হামলা চালানো হয়েছে।

এসব হামলায় অন্তত ৬৮টি সামরিক যান ও বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

আজ রবিবার এক বিবৃতিতে এসব তথ্য জানায় ইয়েমেনি সেনাবাহিনী। আরব নিউজ ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ‘ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ নামের চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত এসব হামলা চালানো হয়। হুথিদের কমান্ড সেন্টার, সেনা সমাবেশস্থল, অতিরিক্ত সেনা মোতায়েনের স্থান, অস্ত্রাগার ও সরবরাহপথ ছিল হামলার প্রধান লক্ষ্য।

তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে। এলাকাটি হুথি বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ অবস্থানগুলোর একটি হিসেবে পরিচিত।

সেখানে হুথিদের একটি কমান্ড সেন্টার, ভারী অস্ত্রের অবস্থান এবং একটি পরিত্যক্ত হোটেলে গড়ে তোলা অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী।

সেনাবাহিনীর অভিযোগ, হুথিরা ওই পরিত্যক্ত হোটেলকে পর্যবেক্ষণকেন্দ্র ও গোলাবর্ষণের অবস্থান হিসেবে ব্যবহার করছিল। সেখান থেকে আশপাশের আবাসিক এলাকার জন্য হুমকি তৈরি করা হচ্ছিল এবং তাইজ শহরে অবরোধ বজায় রাখা হচ্ছিল। এসব হামলার মাধ্যমে ওই এলাকা থেকে গোলাবর্ষণ বন্ধ করার চেষ্টা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তাইজে এখনো সংঘর্ষ চলছে। শহরের কেন্দ্রস্থল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও সাম্প্রতিক সময়ে আশপাশের গ্রামীণ ও উপকূলীয় কিছু এলাকায় হুথিরা নিজেদের অবস্থান শক্তিশালী করেছে।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা ও আরও কয়েকটি এলাকা দখল করে নিলে দেশটিতে সংঘাত তীব্র হয়। এর পরের বছর, ২০১৫ সালে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে।

এরপর থেকে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। বর্তমানে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা হুথিদের নিয়ন্ত্রণে। অন্যদিকে, এডেনসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে সরকারি বাহিনী এবং তাদের মিত্ররা।

দীর্ঘদিনের এই সংঘাতে ইয়েমেনে ব্যাপক প্রাণহানি ও মানবিক সংকট তৈরি হয়েছে। নতুন করে সামরিক অভিযান জোরদার হওয়ায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

সূত্র: আরব নিউজ ও আনাদোলু এজেন্সি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কৃষক কিনতেও ঠকে, বেচতেও ঠকে: সাইফুল হক
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন যারা
কুমিল্লায় ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন
পাওনা টাকা ফেরত চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ