বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ১২:১২
অ- অ+

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ রবিবার (২৫ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি রোববার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। পরে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ে পরিণত হলে আগামী বুধবার (২৮ অক্টোবর) এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘অর্ণব’, যা বাংলাদেশের দেওয়া নাম।

নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১ নম্বর দূরবর্তী সতর্কসংকেতের অর্থ, সমুদ্রে ঝোড়ো আবহাওয়ার আশঙ্কা রয়েছে এবং সংশ্লিষ্ট পরিস্থিতি সমুদ্রবন্দর থেকে দূরে অবস্থান করছে। এ সংকেত জারির অর্থ এই নয় যে ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আঘাত হানবেই। তবে সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে সতর্ক থাকতে এবং আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন, ভিডিও ভাইরাল
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১
ভোটের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল