ভোটের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৬
অ- অ+

জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন হাজারো ইসরায়েলি। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা ঠেকাতে সরকারের ব্যর্থতার জবাবদিহি এবং এ ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিতে শনিবার (২৪ অক্টোবর) তেল আবিবসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা।

তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন বিরোধী দলের নেতারাও। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর পাশাপাশি দেশটির অন্যান্য স্থানেও সরকারবিরোধী কর্মসূচি পালিত হয়েছে।

বিক্ষোভের আয়োজন করে ‘অক্টোবর কাউন্সিল’। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর গাজায় আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা সংগঠনটি গড়ে তোলেন। হামলা প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে জবাবদিহি নিশ্চিত করা এবং ঘটনার তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে সংগঠনটি।

বিক্ষোভে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট ও ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা আইজেনকটকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে স্বাগত জানান।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই নিজ দেশে সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। ৭ অক্টোবরের হামলা মোকাবিলায় সরকারের ভূমিকা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে নেতানিয়াহুর প্রশাসনের জবাবদিহির দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

নির্বাচনের আগে এই বিক্ষোভ নেতানিয়াহু সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে।

(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন, ভিডিও ভাইরাল
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১