জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আবারও উত্তাল ফ্রান্স, ব্যাপক সংঘর্ষ-ধরপাকড়

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৮
অ- অ+

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চ মূল্য ও সরকারি সেবার অবনতির প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে সরকার। বিক্ষোভ ঘিরে প্রায় এক হাজার মানুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

গতকাল শনিবার প্যারিস, লিওঁ, লিল, তুলুজ, নঁত, মার্সেই ও বোর্দোসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। লিওঁ, লিল, তুলুজ ও নঁতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, জলকামান ও স্টান গ্রেনেড ব্যবহার করে পুলিশ। বোর্দোয় পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছোড়া ও ব্যারিকেড তৈরির খবর পাওয়া গেছে।

গত ১৭ অক্টোবরের বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার পর এবার শুরু থেকেই কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয় ফরাসি সরকার। আগের সপ্তাহের তুলনায় গতকাল অতিরিক্ত ১০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন করা হয়। পাশাপাশি বিশেষায়িত পুলিশ ইউনিট, সাঁজোয়া যান, হেলিকপ্টার, পুলিশ কুকুর ও জলকামান প্রস্তুত রাখা হয়। প্যারিসের শঁজেলিজে এলাকায় সেনাসদস্যদেরও টহল দিতে দেখা গেছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, বিক্ষোভের আগে ও চলাকালে তল্লাশি চালিয়ে ধাতব বল, সিসার ছররা, আতশবাজি, গুলতি, কাতানা ও এয়ারসফট অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, সহিংসতা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করার কোনো চেষ্টা সহ্য করা হবে না।

প্যারিসে কড়া নিরাপত্তা, বন্ধ মেট্রো স্টেশন

সম্ভাব্য ভাঙচুর ও লুটপাটের আশঙ্কায় রাজধানী প্যারিসের বড় একটি অংশে নিরাপত্তা জোরদার করা হয়। শহরটির ২০টির বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। ল্যুভর, মিউজে দ’অরসে ও প্যারিস অপেরাসহ গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠানও বন্ধ ছিল। দোকানপাটের কাচ সুরক্ষায় কাঠের প্যানেল বসান ব্যবসায়ীরা। আগের সপ্তাহে দেশজুড়ে বহু দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ও লুট হওয়ার পর এবার অনেক ব্যবসায়ী স্বেচ্ছায় প্রতিষ্ঠান বন্ধ রাখেন।

প্যারিসে অনুমোদিত মূল মিছিলটি বড় ধরনের সংঘর্ষ ছাড়াই পোর্ত দ্য ভিনসেনে পৌঁছায়। তবে মিছিলের পথ নির্ধারণ নিয়ে সরকার ও আয়োজকদের মধ্যে শেষ মুহূর্ত পর্যন্ত টানাপড়েন চলে। পুলিশ বাস্তিল থেকে নাসিওঁ পর্যন্ত পূর্বনির্ধারিত পথ বাতিল করে শহরের দক্ষিণ-পূর্ব প্রান্ত দিয়ে নতুন পথ নির্ধারণ করে। কর্তৃপক্ষের দাবি, আগের সপ্তাহে লুটপাটের শিকার হওয়া বাণিজ্যিক এলাকা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বামপন্থী নেতারা একে বিক্ষোভে বাধা দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।

রাজধানীর বাইরে পরিস্থিতি ছিল তুলনামূলক উত্তপ্ত। নঁতে নিষিদ্ধ এলাকায় ঢোকার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে পুলিশ। লিওঁ, লিল ও তুলুজেও বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়া হয়।

বিক্ষোভকারীর সংখ্যা নিয়ে মতভেদ

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, শনিবারের বিক্ষোভে দেশজুড়ে প্রায় চার লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে আন্দোলনের অন্যতম আয়োজক ট্রেড ইউনিয়ন সিজিটির দাবি, বিক্ষোভে অংশ নিয়েছেন আট লাখ মানুষ—সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ।

প্যারিসেও অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে দুই পক্ষের হিসাবে পার্থক্য রয়েছে। সিজিটির হিসাবে, রাজধানীতে আড়াই লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্যারিস পুলিশের হিসাবে এ সংখ্যা ছিল প্রায় এক লাখ ১০ হাজার।

৩১ অক্টোবর ফের বিক্ষোভের ডাক

চলমান আন্দোলনে ‘ইয়েলো ভেস্ট’ বা হলুদ জ্যাকেট আন্দোলনের কর্মীদের পাশাপাশি শ্রমিক সংগঠন এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। শনিবার দেশজুড়ে ৭০০টির বেশি কর্মসূচির ঘোষণা দিয়েছিল ইয়েলো ভেস্ট আন্দোলন।

শিক্ষাব্যবস্থার সংকট, শিক্ষকস্বল্পতা, সরকারি সেবার অবনতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় আন্দোলনের প্রধান ইস্যু। আগামী ৩১ অক্টোবর আবারও দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ হুঁশিয়ারি দিয়েছেন, সরকার দাবি না মানলে আগামী ৫ নভেম্বর সাধারণ ধর্মঘট হতে পারে।

(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১
ভোটের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে বন্ধ ওয়েবসাইট চালু করল বাংলাদেশ ব্যাংক