সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল জনতা ব্যাংকের ওয়েবসাইট

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ১৫:১১
অ- অ+

সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট আবার সচল হয়েছে। আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে ওয়েবসাইটটি সচল অবস্থায় পাওয়া যায়। তবে ঠিক কখন এটি চালু করা হয়েছে, তা জানা যায়নি।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে জনতা ব্যাংক পিএলসি।

এর আগে বৈশ্বিক সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে গত বৃহস্পতিবার থেকে জনতা ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়। পরে ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে ‘অ্যাটাকের চিহ্ন’ ও স্প্যাম শনাক্ত হওয়ার কথা জানান ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব সমস্যা সমাধানে কাজ চলায় ওয়েবসাইটটি সচল করতে দেরি হচ্ছিল।

রোববার দুপুর দেড়টা পর্যন্তও ওয়েবসাইটটি অচল ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন, ওয়েবসাইটে শনাক্ত হওয়া সমস্যাগুলো মেরামত করে দিনের মধ্যেই এটি চালু করার চেষ্টা চলছে।

এদিকে সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও রোববার সকাল ৮টা থেকে চালু করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কর্মদিবসে ওয়েবসাইটটি সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুযোগ বিবেচনায় এটি পুনরায় চালু করা হয়েছে।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।

গত ২১ অক্টোবর প্রকাশিত যৌথ সতর্কবার্তায় বলা হয়, এসব ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশন সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।

তবে জনতা ব্যাংকের ওয়েবসাইটে শনাক্ত হওয়া ‘অ্যাটাকের চিহ্নের’ সঙ্গে পিএইচপির নিরাপত্তা ত্রুটির সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দিনদুপুরে কুপিয়ে জখম
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন
সমাজে স্বাচ্ছন্দ্যে চলতে পুলিশকে সহযোগিতা করুন: আইজিপি
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট