ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা নস্যাৎ করল হাইওয়ে পুলিশ, ৩৪ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ১৪:৪৪
অ- অ+

টাঙ্গাইলের সদর উপজেলার করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টার সময় মো. মিজান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় নয়টি গরুসহ পিকআপটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মিজানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে ৩৪টি মামলা রয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

রবিবার দুপুরে হাইওয়ে পুলিশের সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাইওয়ে পুলিশ জানায়, গতকাল রাতে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে পাঁচ থেকে ছয়জনের একটি দল ঢাকা-গামী মহাসড়কে গরুবাহী নীল রঙের একটি পিকআপের গতিরোধ করে। এরপর পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে নামিয়ে দেয় তারা। অপর ব্যক্তিকে নামানোর জন্য ধস্তাধস্তি চলছিল। এ সময় মহাসড়কে টহলরত মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় মিজানকে গ্রেপ্তার করে পুলিশ। তবে দলের অন্য সদস্যরা মাইক্রোবাসে করে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে নয়টি গরুসহ পিকআপটি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে মোট ৩৪টি মামলা রয়েছে।

পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে রোগীদের টাকা চুরির চেষ্টার অভিযোগে ৪ নারী কারাদণ্ড
মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের সঙ্গে কাজ করবে উইনরক
যমুনায় গোসলে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বিএনপি যখনই ক্ষমতায় গেছে, তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে: নাহিদ ইসলাম